হজের খুতবা দেবেন কে এই শায়খ আলী হুদাইফি

by Masudul Kadir

৩৬ নিউজ ডেস্ক :: মুসলিম বিশ্ব খুব আগ্রহ ভরে অপেক্ষা করেন কে এবার হজের খুতবা প্রদান করবেন। তার নাম ও পরিচয় জানার আগ্রহ সবারই থাকে। এবার পবিত্র হজ ২০২৬ উপলক্ষে আরাফার ঐতিহাসিক খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি নিয়োগ পেয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তাকে নিয়োগ প্রদান করেছেন। সৌদি রাজকীয় দরবার থেকে সোমবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২৬ মে ২০২৬ পবিত্র আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের মূল খুতবা প্রদান করবেন তিনি।

বিজ্ঞাপন
banner

ইসলামি শরিয়তে আরাফার খুতবা হজের গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর একটি। মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর অনুসরণে প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে এই খুতবা প্রদান করা হয়। খুতবায় হজের তাৎপর্য, আল্লাহর রহমত, তওবা-ইস্তিগফারের গুরুত্ব এবং মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা তুলে ধরা হয়। এ সময় মহানবী (স.)-এর ঐতিহাসিক বিদায় হজের ভাষণের বিভিন্ন দিকও স্মরণ করা হয়।

খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আছরের নামাজ সংক্ষেপে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে দোয়া ও ইবাদতে মশগুল থাকেন। প্রতি বছর এই খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়, যা কোটি কোটি মুসলমান অনুসরণ করে থাকেন।

কে এই শায়খ আলী হুদাইফি?

শায়খ আলী হুদাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামেও তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছুকাল কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত ও হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222