বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকাল পাঁচটায় তালিকাটি প্রকাশ করা হয়। খসড়া তালিকায় থাকা ১৮৪ জন কাউন্সিলরের সবাই-ই থাকছেন চূড়ান্ত তালিকায়।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে চূড়ান্ত কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন ৬৬ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে চূড়ান্ত কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ৭৬ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষায়িত সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ৪২ জন।

বিজ্ঞাপন
banner

এবারের নির্বাচনে মোট ভোটার অর্থাৎ কাউন্সিলর মনোনয়ন পাওয়ার কথা ছিল ১৯২ জন। তবে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলশিপ জমা দেওয়া হয়নি। বিশেষ সংস্থার মধ্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার বিডিপি থেকেও জমা পড়েনি কাউন্সিলরশিপ।

এদিকে, সাবেক অধিনায়ক কোটা থেকে এবার বিসিবি নির্বাচনে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, শফিকুল হক, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নতুন মুখ হিসেবে বিসিবি কাউন্সিলর হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবে এবার বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ পেয়েছেন। তাদের মধ্যে আছেন নাজিম উদ্দিন, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং শামসুর রহমান। এই তালিকায় আছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। বিসিবি সভাপতি তামিম ইকবাল কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে।

ঢাকার ক্লাব থেকে কাউন্সিলরশিপ বোর্ডে নাম নেই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে অন্যতম ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক ও লোকমান হোসেন।

আগামী ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222