রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় শিশু রামিসার পাশের ফ্ল্যাটের স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে। এছাড়া আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার দুজন আসামিকেই আজ আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি সোহেল রানাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদে ঘটনার কারণ জানা যাবে বলেও জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন সোহেল রানা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
হাআমা/
