রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে অনেকে গরু নিয়ে এসেছেন হাটে আগামী রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হলেও আগেভাগে গরুর দাম বুঝে নিতে হাটে ঘুরতে এসেছেন ক্রেতারা। তবে এবার পরিবহন ভাড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন গরু বিক্রেতারা। তাঁরা বলছেন, পরিবহন ভাড়া এবং গরুর খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে দাম কিছুটা বেশি থাকবে।
গতকাল বুধবার রাজধানীর বাড্ডার স্বদেশ প্রপার্টির হাট, মোস্তমাঝি গ্রিন বনশ্রী হাউজিং এলাকার হাট, শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব হাটসহ কয়েকটি হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু আনা হচ্ছে। হাটে নিজেদের জায়গা বুঝে নিচ্ছেন ব্যাপারীরা। কেউ বাঁশ-তাঁবু ঠিক করছেন, কেউ গরুর জন্য খড় ও পানির ব্যবস্থা করছেন। আবার অনেকে বসে আছেন গরু এসে পৌঁছানোর অপেক্ষায়।
হাটসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী কয়েক দিনের মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর সংখ্যা দ্রুত বাড়বে; বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে বেশি গরু আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। হাট ঘিরে জাল টাকা প্রতিরোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে হাটগুলোতে নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রিন বনশ্রী হাউজিং এলাকা হাটে নাটোর থেকে গত পরশু ৫টি গরু নিয়ে এসেছেন মো. জমির উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, পরে বেশি যানজট থাকে, তাই যানজট এড়ানোর লাইগা আগে আগে চলে আইছি।’ তিনি জানান, গতবারও তিনি ৫টি গরু নিয়ে এসেছিলেন, তবে এবার ৫টি গরু আনতে আগের চেয়ে পরিবহন ভাড়া ৪-৫ হাজার টাকা বেশি পড়েছে।
নাটোরের আরেক ব্যাপারী মো. জুলহাস গরুর দাম উঠবে কি না সন্দেহ জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘২২ হাজার টাকার ভাড়া ৩০ হাজার লিছে এইবার। ভুসি ৬০, খড় হাজার ট্যাকা মণ, তাইলে গরুরে খাইওয়াবো কী?’
কুড়িগ্রাম থেকে আসা ব্যাপারী মো. রবিউল আজকের পত্রিকাকে বলেন, ‘ভাড়া প্রতি গরুতে ৪৫০ টাকা বেশি পইড়ছে।’ আগে আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আগে আসলে ভালো জায়গা পাওয়া যায়। গরুগুলাও সুস্থ হওয়ার সময় পায়।’
এই হাট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের হাটের সার্বিক ব্যবস্থাপনা ভালোভাবে সম্পন্ন হয়েছে। পাইকারদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, গোসল ও ল্যাট্রিন সুবিধা রাখা হয়েছে। হাটের বিভিন্ন স্থানে পানির ট্যাংক বসানো হয়েছে। পাশাপাশি থাকা-খাওয়ারও ভালো ব্যবস্থা রয়েছে।’
নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তোফাজ্জল হোসাইন আরও বলেন, ‘হাটে পুলিশ প্রশাসন, ডিবি এবং আমাদের নিজস্ব কন্ট্রোল রুম কাজ করছে। এ ছাড়া মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে। পাইকারদের অর্থের নিরাপত্তার জন্য জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থাও রয়েছে।’
ঐতিহ্যবাহী পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটে গিয়ে দেখা যায়, পোস্তগোলার এমসি সড়ক থেকে শুরু করে শ্মশানঘাট হয়ে বুড়িগঙ্গা নদী পর্যন্ত রাস্তার দুই পাশের এলাকাজুড়ে হাটের কার্যক্রম চলছে। হাটে বাঁশ দিয়ে ছাউনি ও প্যান্ডেল নির্মাণ, বাঁশ দিয়ে গরু রাখার জায়গা প্রস্তুতের কাজ পুরোদমে চলছে।
ব্যাপারীরা বলছেন, এখানে বড় থেকে মাঝারি, ছোট—সব ধরনের গরু পাওয়া যাবে। ৫০ হাজার থেকে শুরু করে ৬-৭ লোখ টাকার গরুও আনা হবে বলে জানিয়েছেন তাঁরা।
ঝিনাইদহের আরেক ব্যাপারী আব্দুর রশিদ নিয়ে এসেছেন ১৭টি গরু। এর মধ্যে রাজাবাবুর দাম হাঁকছেন ৫ লাখ ৫০ হাজার টাকা। রাজাবাবু প্রসঙ্গে তিনি বলেন, ‘১০ বছর ধরে পুষতেছি। আগে কখনো হাটে উঠাই নাই। এইবার একই সাইজের দুইটা আনসি।’
এনআর/
