নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

by Masudul Kadir

বশির আহম্মদ মোল্লা, (নরসিংদী প্রতিনিধি)

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটররা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প, নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।

সভায় জানানো হয়, গত ছয় মাসে নরসিংদী জেলায় গ্রাম আদালতের মাধ্যমে মোট ১ হাজার ৭৯৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ আদায় করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নের সাফল্যের তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার একাধিক ইউনিয়ন উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি করে জেলার সেরা স্থান অর্জন করে। এ উপলক্ষে ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এ কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি এ ব্যবস্থা আরও জনবান্ধব ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222