বশির আহম্মদ মোল্লা,(নরসিংদী প্রতিনিধি)
“Metrology: Building Trust in Policy Making” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আফিকুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতিখার উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআই নরসিংদীর উপপরিচালক (সিএম) কে এম রফিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, নীতি নির্ধারণ, শিল্প উৎপাদন, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় সঠিক পরিমাপ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা গেলে শিল্প ও বাণিজ্য খাতে আস্থা বাড়বে এবং ভোক্তারা প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন।
জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান বলেন, “সঠিক পরিমাপ একটি উন্নত সমাজ ও অর্থনীতির ভিত্তি। ব্যবসা-বাণিজ্য, শিল্প ও ভোক্তা সুরক্ষায় আন্তর্জাতিক মানসম্পন্ন পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
তিনি ভেজাল ও পরিমাপে কারচুপি রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির বলেন, খাদ্য ও ওষুধসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক মান নিয়ন্ত্রণ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পুলিশ সুপার মো. আফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শেষে বক্তারা বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ এর সফলতা কামনা করে দেশে সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এনআর/
