বশির আহম্মদ মোল্লা, (নরসিংদী প্রতিনিধি)
“স্মার্ট ভূমি, সুরক্ষিত ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে ভূমিমেলা ২০২৬। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিফতাহুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা, ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং নাগরিক সচেতনতা বিষয়ক নানা সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষ যেন সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারেন—এটাই মেলার মূল উদ্দেশ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সেবা গ্রহণ এখন আরও সহজ হয়েছে, এতে সময় ও ভোগান্তি কমছে।
এদিকে অনুষ্ঠানে বিশেষ আলোচনায় ভূমি বিষয়ে শিক্ষামূলক কারিকুলাম প্রণয়নের দাবি ওঠে। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ কমাতে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই ভূমি আইন, খতিয়ান, নামজারি ও নাগরিক অধিকার সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন। তাই জাতীয় শিক্ষা কারিকুলামে ভূমি বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মাহমুদা বেগম। তারা বলেন, ভূমি বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে প্রতারণা ও হয়রানির ঘটনা ঘটে থাকে। শিক্ষার্থীদের শুরু থেকেই সচেতন করা গেলে ভবিষ্যতে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। অনলাইন সেবার মাধ্যমে জনগণের দুর্ভোগ কমেছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ভূমিমেলার মতো উদ্যোগ ভূমি বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করে নাগরিক সেবা আরও সহজ করতে হবে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতেই এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মেলা ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে সহায়ক হবে।
এনআর/
