আদ-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

by Abid vs36

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যাওয়া শিশুদের বয়স মাত্র এক থেকে দুই দিন এবং তারা সকলেই হাসপাতালের বিশেষায়িত পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

আজ বুধবার সকালের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুপুর নাগাদ ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর এই ন্যাক্কারজনক খবরটি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে এতগুলো শিশুর একযোগে মৃত্যু হলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের আট তলায় অবস্থিত ‘পোস্ট-অপারেটিভ-২’ ওয়ার্ডে আজ ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে একে একে ছয়জন নবজাতক মারা যায়। ঘটনার সময় ওই বিশেষায়িত ওয়ার্ডটিতে মোট ১১ জন নবজাতক চিকিৎসাধীন ছিল, যার মধ্যে ৬ জনই মারা যায়। হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র দুপুরে জানায়, তিন ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের নিজস্ব গতিতে ঘটনাটির তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের সেন্ট্রাল এসি সাময়িকভাবে বন্ধ ও পুনরায় চালু করার একটি তথ্য শোনা গেলেও, কোনো কারিগরি ত্রুটি বা অবহেলা ছিল কি না তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক বিভাগের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্তের কাজ শুরু করেছে। পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে মৃত শিশুদের স্বজনদের আহাজারি ও চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222