৩৬ নিউজ ডেস্ক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যা টাকার অংকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোট জিডিপির ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যা বিগত অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। এছাড়া আগামীতে শিক্ষা খাতে এই বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বিগত সময়ের কিছু অনিয়মের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতার টাকা দেওয়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই খাত থেকে আগের সময়গুলোতে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে, যার কারণে শিক্ষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই সংকট নিরসনে বর্তমান সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী এক মাসের মধ্যে একটি বিশেষ থোক বরাদ্দ থেকে শিক্ষকদের পাওনা কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালু করা হবে।
টিএইচএ/
