রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা, নারী ও শিশুসহ শূন্যরেখায় ৯ জন

by Abid vs36

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন চেষ্টার শিকার নারী ও শিশুসহ ৯ জন গত ২৪ ঘণ্টা ধরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

সোমবার (১৫ জুন) বিকেল পর্যন্ত তাদের বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো চূড়ান্ত সমাধান না হওয়ায় মানবিক সংকট ও অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় আটকে থাকায় বিশেষ করে শিশু ও নারীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভেন্দুরচর সীমান্ত এলাকা দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নিয়ে পুশইনে বাধা প্রদান করে। বিজিবির বাধায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিতে বাধ্য হয়। এরপর থেকে নারী ও শিশুসহ সবাই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগীদের মধ্যে এক নারীর কোলে মাত্র ৫ মাসের একটি দুগ্ধপোষ্য শিশু সন্তানও রয়েছে, যার স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

এই ঘটনার পর রোববার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। বৈঠকে উভয়পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা এখনও সীমান্তেই অবস্থান করছেন। বিজিবি সূত্র জানিয়েছে, বর্তমানে ওই ৯ জন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশেই অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয় বাহিনীর অতিরিক্ত সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় ধরে শূন্যরেখায় এমন মানবেতর অবস্থায় থাকতে দেখে তারা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত মানবিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান করা প্রয়োজন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222