৩৬নিউজ ডেস্ক: ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই; সব ঘটনাই সমান গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং অপরাধীর পরিচয় যাই হোক না কেন তার বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রসঙ্গক্রমে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়-সবই সমান। সোহেল রানা আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান। একটির বিচার চাইব, আরেকটির বিচার চাইব না-এটা হতে পারে না।”
সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত দিনের একটি ঘটনার সূত্র টেনে বলেন, “গতকাল এ বিষয়ে সংসদে আলোচনা হয়েছে। তখন আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। বিরোধী দলের একজন নেতা একটি ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে, ১৯ ঘণ্টা পার হওয়ার পরও সরকার ভুক্তভোগীকে উদ্ধার করতে পারবে কি না। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কী ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা বিস্তারিত বিবৃতি দিয়েছি।” বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “আসলে তারা ধর্ষণের বিরুদ্ধে আন্তরিকভাবে কথা বলেছেন, নাকি সস্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটি দেশের জনগণই মূল্যায়ন করবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছাঁটাই প্রস্তাবের বাইরে গিয়ে এই বিষয়ে দীর্ঘ বক্তব্য দিচ্ছিলেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে মূল আলোচ্য সূচিতে ফিরে আসার আহ্বান জানান। স্পিকার মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “মন্ত্রী মহোদয়, আমরা তো এখন দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আলোচনায় আছি, অনুগ্রহ করে সে বিষয়েই বক্তব্য শেষ করুন।”
স্পিকারের আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে দুর্নীতি ও ধর্ষণের অপরাধের ধরনকে একই সুতোয় গেঁথে বলেন, “দুর্নীতির ক্ষেত্রেও অনেকে উচ্চ ও নিম্ন দুর্নীতির কথা বলেন। কিন্তু দেশের প্রচলিত আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতির কোনো পৃথক সংজ্ঞা বা ব্যাখা নেই। দুর্নীতি মানেই দুর্নীতি। এখানে ছোট-বড় বলে কিছু নেই।” তিনি আরও বলেন, “ঠিক একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও কোনো ছোট-বড় বা অপরাধীর রাজনৈতিক পরিচয় বলে কিছু নেই। সব ঘটনাই সমান গুরুত্বের এবং সমান অপরাধের। তাই যে কোনো ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
টিএইচএ/
