৩৬ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে রেখে হয়রানি করার ঘটনায় জাতীয় সংসদে সরকারের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনাটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবমাননাকর এবং স্পর্শকাতর বিষয় হিসেবে উল্লেখ করে মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করেন এই সংসদ সদস্য।
অধিবেশনে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, যথাযথ কূটনৈতিক চিঠি ও পূর্ব নোটিশ দেওয়ার পরেও কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতের বিমানবন্দরে দীর্ঘ দুই ঘণ্টা বসিয়ে রাখা হলো, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের রাষ্ট্রীয় মর্যাদার ওপর বড় আঘাত। শেষ পর্যন্ত তাকে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হলেও এই চরম অপমানে তিনি সেখান থেকেই সরাসরি দেশে ফিরে এসেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে বাংলাদেশের কূটনৈতিক কোনো ব্যর্থতা আছে কি না এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কী ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এই স্পর্শকাতর ও জাতীয় মর্যাদার বিষয়ে সংসদে ৩০০ বিধিতে সংশ্লিষ্ট মন্ত্রীর পক্ষ থেকে একটি স্পষ্ট এবং আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন তিনি।
তবে স্পিকার মো. সাইফুল আলম খান মিলনের এই বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করেননি। স্পিকার তার রুলিংয়ে বলেন, আলোচিত বিষয়টি পয়েন্ট অব অর্ডার না হলেও মাননীয় সদস্য চাইলে এ বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরে একটি সুনির্দিষ্ট নোটিশ দিতে পারেন। পরবর্তীতে নোটিশ জমা দেওয়া হলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন স্পিকার।
টিএইচএ/
