ঢাকার পার্ক ও মাঠ অভিজাত ক্লাবের কাছে হস্তান্তরের তীব্র প্রতিবাদ বাংলাদেশ গ্রীন পার্টির

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার একাধিক পাবলিক পার্ক ও খেলার মাঠ আইন এবং নীতিমালা উপেক্ষা করে প্রভাবশালী ক্লাব ও অভিজাত সোসাইটির ব্যবস্থাপনায় হস্তান্তরের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গ্রীন পার্টি।

সোমবার (১৫ জুন) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে আইনের স্পষ্ট লঙ্ঘন এবং নগরের গণপরিসর ব্যক্তিগতকরণ বা দখলের একটি অপচেষ্টা বলে আখ্যায়িত করেছেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ গ্রীন পার্টির আহ্বায়ক রিদওয়ান হাসান ও সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী কোনোভাবেই এসব জনপরিসরের শ্রেণি পরিবর্তন, ইজারা বা বাণিজ্যিক ব্যবহারের জন্য হস্তান্তর করা যায় না। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গুলশান ও বনানী এলাকার বিভিন্ন উন্মুক্ত স্থান প্রভাবশালী ক্লাব ও সোসাইটির কাছে হস্তান্তর করেছে। এর ফলে পার্ক ও মাঠগুলোতে সাধারণ জনগণের অবাধ প্রবেশাধিকারে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ফি ও বাণিজ্যিক কার্যক্রম চালু করা হয়েছে। বিশেষভাবে গুলশান ইয়ুথ ক্লাবসহ কিছু সংগঠনের মাধ্যমে পার্কের ভেতরে অফিস, ক্যাফে, পার্কিং এবং অন্যান্য স্থায়ী অবকাঠামো গড়ে তোলার প্রবণতা নগর পরিকল্পনা, জনস্বার্থ এবং আইনের সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে দলটির পক্ষ থেকে পাঁচ দফা সুস্পষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, পার্ক ও খেলার মাঠ কোনোভাবেই ক্লাব, সোসাইটি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে দেওয়া যাবে না; সকল গণপরিসর সম্পূর্ণভাবে উন্মুক্ত ও সবার জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য রাখতে হবে; বাণিজ্যিক ব্যবহার, ফি আদায় এবং ইজারা কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে; ইতোমধ্যে যেসব পার্ক ও মাঠ হস্তান্তর করা হয়েছে সেগুলোর সকল চুক্তি পুনর্বিবেচনা করে বাতিল করতে হবে এবং নগর গণপরিসর ব্যবস্থাপনার জন্য স্বচ্ছ, আইনসম্মত ও জনঅংশগ্রহণমূলক জাতীয় গাইডলাইন প্রণয়ন করতে হবে।

গ্রীন পার্টির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, জনপরিসরকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করার এই প্রবণতা অব্যাহত থাকলে তা নগরের পরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং নাগরিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারা অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে ঢাকার সকল উদ্যান ও মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222