সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জ

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের বক্তব্যের কিছু অংশকে ‘অরুচিকর’ ও ‘অশোভন’ উল্লেখ করে তা সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৬ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার রাজনৈতিক সমালোচনার প্রসঙ্গ টানতে ‘চালুনি’ ও ‘সুঁচের’ কথোপকথনের একটি উপমা ব্যবহার করেন। এ সময় তার বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দের বিষয়ে আপত্তি ওঠে।

বিজ্ঞাপন
banner

পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্পিকার সংসদ সদস্যকে সতর্ক করে বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হল।’

সংসদীয় রীতিনীতি অনুযায়ী, কোনো বক্তব্য বা শব্দ এক্সপাঞ্জ করা হলে তা আর সংসদের আনুষ্ঠানিক নথির অংশ হিসেবে গণ্য হয় না।

বাজেট আলোচনায় আব্দুস সাত্তার সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও বাজার অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। একই সঙ্গে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বড় অঙ্কের বাজেট ঘাটতি ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা বাড়াতে পারে, যার প্রভাব বিনিয়োগ ও সুদের হারের ওপর পড়তে পারে।

সরকারের ঋণের পরিমাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘সরকারের মোট ঋণ ২১ লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির প্রায় ৩৯ থেকে ৪১ শতাংশের সমপরিমাণ।’

পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানিয়ে প্রতিটি উপজেলায় অন্তত একটি মাদ্রাসা সরকারি করার প্রস্তাব দেন। আব্দুস সাত্তার বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কিছু বরাদ্দ বাড়লেও, মাদ্রাসা সরকারিকরণের কোনো সুস্পষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রত্যেক জেলায় সরকারি স্কুল-কলেজ রয়েছে। কিন্তু মাদ্রাসাগুলোকে সরকারিকরণের কোনো ব্যবস্থা আছে কি না, তা এখনও আমাদের বোধগম্য হয়নি।’

নিজ নির্বাচনী এলাকা নীলফামারীর ডোমার ও ডিমলার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে সেখানে আধুনিক ফল ও সবজি সংরক্ষণাগার স্থাপনেরও দাবি জানান তিনি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222