৩৬নিউজ ডেস্ক: জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে নীতিগত মতপার্থক্যের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগকারী এই ১৮ জন আইন কর্মকর্তা উচ্চ আদালতে জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, দেশের সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো সরকারের কিছু সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। এসব সরকারি অবস্থানের কারণে দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের সার্বিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করেন। পদত্যাগপত্রে তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে এই পদে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগকারী ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদ উদ্দিন ও মুহাম্মদ তারিকুল ইসলাম। অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগকারী ১১ জন হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন। আইন কর্মকর্তাদের এই একযোগে পদত্যাগের ঘটনাটি দেশের আইনি ও রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
টিএইচএ/
