‘বুকটা ফাইট্টা যায়’, মমতাজকে আদালতে দর্শনার্থীরা

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলন ঘিরে হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখে, আদালতে কেউ কেউ গেয়ে ওঠেন ‘বুকটা ফাইট্টা যায়’ গানটি। আবার কেউ গানটি গাওয়ার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানির জন্য যখন মমতাজকে নেওয়া হয়, তখন তার মাথায় ছিল হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেটও পরেছিলেন তিনি।

বিজ্ঞাপন
banner

সে সময় কৌতুহলের বশে আদালতে আগত অনেকে জানতে চান কে ‘উনি, কে উনি’। পরিচয় দেওয়া হয় ‘উনি মমতাজ।’

তখন কেউ কেউ গেয়ে ওঠেন মমতাজের তুমুল জনপ্রিয় গানের কলি ‘বুকটা ফাইট্টা যাই’।

এজলাশ থেকে ফেরার সময়ও এই ঘটনা ঘটে। অনেকে বলেন, উনি না সংসদে গান গেয়েছেন। এখনো গেয়ে শোনান একবার।

এদিন জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মমতাজকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মমতাজকে সোমবার এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন এদিন।

এদিন শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, “এ আসামি অবৈধ সরকারের সাবেক এমপি। তার বিরুদ্ধে আরও মামলা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছে। তার যথেষ্ট ভূমিকা রয়েছে। মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা তার সংশ্লিষ্টতা পান। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থণা করছি।”

মমতাজের পক্ষে কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। তাদেরই একজন অ্যাডভোকেট আব্দুস সালাম মোল্লা বলেন, “এ আসামি উচ্চ আদালত থেকে ৬ মামলায় জামিন পান। পরবর্তীতে দুটি স্টে হয়। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন। তার বিরুদ্ধে মামলায় একটি শব্দ আছে কী না দেখবেন।”

তিনি বলেন,”দেড় বছর যাবৎ জেলে আছে। মামলার ঘটনা ২০২৪ সালের ৪ অগাস্ট। একই দিনে তার বিরুদ্ধে মানিকগঞ্জসহ কয়েকটি থানায় ৪/৫ টা মামলা হয়েছে। তিনি একই সময় কত জায়গায় গিয়ে অপরাধ সংঘটিত করেছেন। ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেপ্তার না দেখানোর প্রার্থণা করছি।”

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত মমতাজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, চব্বিশের আন্দোলনে ৪ অগাস্ট দুপুরে মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় গুলিবিদ্ধ হন মোক্তার হোসেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন মোক্তার হোসেন।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222