যুক্তরাষ্ট্রের আক্রমণের পর এবার কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। রোববার (২৮ জুন) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, প্রতিবেশী দেশ দুটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে এসব হামলা চালানো হয়েছে। মূলত এর মধ্য দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের ‘কড়া জবাব’ দেওয়া হবে।
কুয়েতের আলি আল-সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিতে ইরানের এসব হামলায় আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসি বলেছে, ‘শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন কিংবা অজুহাত, যাই হোক না কেন; এমনকি তুচ্ছ কোনো লক্ষ্যবস্তুতে হলেও সেটার কড়া জবাব দেওয়া হবে।’
এর আগে ইরানে আবারও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এর আগে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (২৭ জুন) এসব হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স ও এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের চলমান হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ হামলা চালিয়েছে।
সেন্টকম আরও বলেছে, শনিবার ২০ লাখ ব্যারেল ক্রুড জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারে ইরান হামলা চালায়। সেটি পানামার পতাকাবাহী ট্যাংকার ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিওতে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। সেন্টকম ওই ভিডিওটি পোস্ট করে। তবে এটি কিছুটা ঝাপসা ছিল। আকাশ থেকে ধারণ করা হয়েছিল। ওই পোস্টে আরও জানানো হয়, মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী হরমুজের কাছে ইরানের ১০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, এ হামলার লক্ষ্যবস্তু ছিল নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও ড্রোন সংরক্ষণাগার।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, দেশটির দক্ষিণাঞ্চলের কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে গত শুক্রবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আরেকটি জাহাজে ইরানের হামলার পাল্টা জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি জানায়।
হাআমা/
