মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি) : বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির ৩৩তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কলম, সংস্কৃতি ও সিংহাসন: যুগে যুগে ক্ষমতার লড়াইয়ে সাংস্কৃতিক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। নিজের বক্তব্যে তিনি সমাজ পরিবর্তনে পাঠচর্চা ও সংস্কৃতির ভূমিকার কথা উল্লেখ করে বলেন, পড়ার মাধ্যমেই সংস্কৃতির পরিবর্তন হবে এবং সংস্কৃতির মধ্য দিয়েই ক্ষমতার রূপান্তর ঘটবে। তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ ওসমান হাদির রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান সর্বদাই সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। তিনি তার বক্তব্যে বলেন, কলম ও সংস্কৃতি সমাজে বয়ান নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্ষমতার কাঠামোর সঙ্গে এর একটি গভীর সম্পর্ক রয়েছে। ওসমান হাদিকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে সুন্দর মানুষগুলো সাধারণভাবেই অসাধারণ হয়ে থাকে। একই সাথে তিনি উপস্থিত তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রশ্নে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্যমতে, প্রায় অর্ধশত শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক রাকিবুল ইসলাম।
টিএইচএ/
