পঞ্চগড় প্রতিনিধি :: ইউএনও‘র বিরুদ্ধে লাইভ করা নারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুস নেওয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা অভিযোগকারী নারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি করা হয়। মামলায় রেহেনা বেগম উর্মিসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মনোয়ার, যিনি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী। তবে এ বিষয়ে বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং আসামিদের গ্রেফতারের প্রক্রিয়াও অব্যাহত আছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু বলেন, গত সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। একই দিন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার অভিযোগকারী রেহেনা বেগম উর্মি দাবি করেন, তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরত চাইলে বিষয়টি অস্বীকার করা হয়। পরে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, আমি ওই নারীকে চিনি না। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি অনেক আগেই বাতিল করা হয়েছিল। অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও নেই।
গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
