এবার পলি রানী পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন

by Masudul Kadir

রংপুর প্রতিনিধি :: ইচ্ছে থাকলে উপায় হয়। দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধাই হতে পারে না এমন উজ্জল দৃষ্টান্ত এইচএসসি পরীক্ষার্থী পলি রানী। জন্মগত শারীরিক প্রতিবন্ধী হলেও হাতের বদলে ডান পা দিয়ে লিখে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি রানী। কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী পলি রানী কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তার বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার গদাই গ্রামে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পলি রানী পরীক্ষা দিচ্ছে অন্য আর দশ শিক্ষার্থীর সাথে তবে বেঞ্চে পরীক্ষার খাতা রেখে হাত দিয়ে লিখে নয়। তিনি যে বেঞ্চে বসছেন, সেই বেঞ্চেই খাতা রেখে পলি রানী পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখছেন। কেননা তার দুটো হাত থাকলেও হাতের আঙুল নেই এবং ও ছোট হওয়ায় কলম ধরা সম্ভব নয়। যার কারণে পা দিয়ে লিখেই পরীক্ষা দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন
banner

পলি রানী ছোটোবেলায় বাবাকে হারানোর পর নানা প্রতিকূলতার মধ্যেও পড়ালেখার এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে পলি সবার ছোট। জন্ম থেকেই তার হাতের আঙুল নেই, হাত ছোট ও বাঁকা হওয়ায় কলম ধরতে পারে না।

পলির মা রুপালি রানী জানান, হাতের সমস্যা থাকার পরও মেয়ের অদম্য ইচ্ছাশক্তি তাকে হার মানতে দেয়নি। ছোটোবেলা থেকেই ডান পা দিয়ে লেখা অনুশীলন শুরু করে পলি। দীর্ঘদিন চর্চার মাধ্যমে এখন সে স্বাভাবিক গতিতেই লিখতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সহপাঠীদের উপহাসের শিকার হতে হয়েছিল তাকে। তবে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে সেই কষ্ট কাটিয়ে সামনে এগিয়ে যায় পলি। পরবর্তীতে সহপাঠীরাও তাকে আপন করে নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পঞ্চম শ্রেণিতে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়ে নিজের মেধার প্রমাণ দেয় সে। এরপর কাউনিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতেও এ গ্রেড পায়।

পরীক্ষার্থী পলি রানী জানায়, তার স্বপ্ন পড়ালেখা শেষ করে একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়া। মানুষের সেবা করাই তার জীবনের লক্ষ্য। তার বিশ্বাস, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষের স্বপ্ন পূরণে প্রতিবন্ধক হতে পারে না। সেই বিশ্বাস নিয়ে পলি রানী এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের লক্ষ্যে।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী হিসেবে পলি রানীর সব ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হচ্ছে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, পরি রানীর উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করে বোর্ডে পাঠানো হয়েছে। আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়েছে।

এদিকে, পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া পলি রানী আজ শুধু কাউনিয়া বা রংপুরের নয়, বরং দেশের অসংখ্য স্বপ্নবাজ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম বলে মন্তব্য করেছেন একাধিক পরিক্ষার্থী ও অভিভাবক।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222