মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. তানভীর কাজী জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। সম্প্রতি অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সফরে অংশ নিয়ে তিনি দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা সংসদের গ্যালারিতে বসে বাজেট অধিবেশন ও বাজেট উপস্থাপনা সরাসরি উপভোগ করেন। সফরের মাধ্যমে তারা রাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারণ, বাজেট প্রণয়ন এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
গোপালগঞ্জ সদর উপজেলার রসুলপাড়া গ্রামের বাসিন্দা তানভীর কাজী জানান, অর্থনীতির একজন শিক্ষার্থী হিসেবে সংসদে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করা তার শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বইয়ে পড়া সামষ্টিক অর্থনীতি, বাজেট প্রণয়ন ও অর্থনৈতিক নীতির বাস্তব প্রয়োগ কাছ থেকে দেখার সুযোগ তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এই শিক্ষা সফর তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে পড়াশোনা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে। রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতিনির্ধারণের প্রক্রিয়া সরাসরি দেখার অভিজ্ঞতা ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। উল্লেখ্য, তানভীর কাজী গোপালগঞ্জের হাজী লালমিয়া সিটি কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছেন।
টিএইচএ/
