রাজধানীর চকবাজারের হাজী বাশার সুপার মার্কেটে লাগা আগুন পৌনে দুই ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার দুপুর একটার কিছুক্ষণ পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় আগুন চারদিকে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তর জানায়, চকবাজারের ৫ তলা বিশিষ্ট ওই ভবনের ৩ তলার পাইকারি দোকানগুলোতে মূলত এই আগুন লাগে। দুপুর দেড়টায় খবর পাওয়ার পর ১০ মিনিটের মধ্যে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট তাদের সাথে উদ্ধারকাজে যোগ দেয়।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, মূলত ভবনের ৩ তলার দোকানগুলোতে খেলনা, উপহার সামগ্রী, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক ও দাহ্য পণ্য পাইকারি বিক্রি করা হতো। ফলে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষ তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তাও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নির্ধারণ করা সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
টিএইচএ/
