গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
আল জাজিরা জানায়, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে ফরাসি-ইসরাইলি নাগরিক ওফের কালদেরন এবং ইসরাইলি নাগরিক ইয়ার্ডেন বিবাসকে রেড ক্রসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে আমেরিকান-ইসরাইলি নাগরিক কিথ সিগেলকেও রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
খান ইউনিস ও গাজা শহরে হামাস যোদ্ধারা উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রেখে নিরাপদে বন্দিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে দেখা গেছে। এ সময় কালদেরন ও বিবাস উপস্থিত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান।
আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আযম এবারের বন্দিবিনিময়কে আগের তুলনায় ‘সুসংগঠিত’ বলে বর্ণনা করেছেন। এর আগে, ৩১ জানুয়ারি হামাস থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরাইলি কর্তৃপক্ষ ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়।
গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং প্রথম ধাপে ৩৩ ইসরাইলি জিম্মি মুক্তি দেওয়ার কথা রয়েছে, বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।
এনএ/
