এবারের পবিত্র রমজানে রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত ‘জামিয়াতু ইবরাহীম’ মাদরাসা-মসজিদে ইতিকাফে বসেছেন বিশ্বের বরেণ্য আলেম শায়খ ইবরাহিম আফ্রিকী। তিনি শায়খ যাকারিয়া কান্ধলভী রহ. এবং মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহ.-এর খলিফা। পবিত্র রমজানে হাজারো আলেম ও বিদেশি উলামায়ে কেরামের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এ প্রতিষ্ঠানটি।
এদিকে, আগামীকাল বুধবার (২৫ রমজান) ‘মজলিসুল উলামা’ নামে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মজলিসে শায়খ ইবরাহিম আফ্রিকী আলেমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। তিনি শায়খুল মাশায়েখ হিসেবে দেশের এবং বিদেশের উলামায়ে কেরামের উদ্দেশে নসিহত পেশ করবেন।
এছাড়াও মজলিসুল উলামার আয়োজনে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের আলেমরা উপস্থিত থাকবেন। দারুল উলুম দেওবন্দের মুহতামিমসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর এবং বাংলাদেশের প্রায় কয়েক হাজার আলেম ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এই আয়োজন সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে কামনা করেছেন খানকায়ে মাহমুদিয়ার ইতিকাফ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক।
বিদেশি অতিথিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিথিদের নিরাপত্তা, থাকা-খাওয়া, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার তথ্য নিশ্চিত করেছেন মুফতি আনিছুর রহমান কাসেমী।
তিনি জানান, অতিথিদের অভ্যর্থনা এবং প্রয়োজনীয় সুবিধাগুলি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এনএ/
