ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড এবং ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। জমিয়তের কেন্দ্রীয় ও মহানগর নেতারা এতে অংশগ্রহণ করেন।
জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “বিশ্বের মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেকোনো অন্যায়ের প্রতিবাদে জমিয়ত সবসময় সোচ্চার থেকেছে, আগামীতেও থাকবে। গাজায় নারী-শিশুসহ নিরীহ মানুষদের হত্যা মানবতাবিরোধী অপরাধ। অন্যদিকে ভারতের ওয়াকফ বিল মুসলিমদের ধর্মীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
তিনি দেশের জনগণকে দলমত নির্বিশেষে এ ধরনের মানবিক ও ধর্মীয় ইস্যুতে একত্রিত হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়, যা পল্টন থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারো মানুষ অংশগ্রহণ করে এবং বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানায়।
সমাবেশে উপস্থিত ছিলেন জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জাবের কাসেমী-সহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এনএ/
