কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ২৬ পর্যটক নিহতের জেরে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে আশঙ্কা করছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
আতাউল্লাহ তারার বলেছেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পাকিস্তানের কাছে আছে।
একই দিন রাতে এক জরুরি বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেয়ার খবরের মধ্যেই এই আশঙ্কা প্রকাশ করলেন আতাউল্লাহ তারার।
তিনি বলেন, পাকিস্তান এ অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এ আচরণ বেপরোয়া। ভারত রাজনৈতিক উদ্দেশে দেশবাসীকে উসকে দিয়ে বিপজ্জনক পথে হাঁটছে, যার ফলে পুরো অঞ্চলেই প্রতিকূল অবস্থা তৈরি হতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরো বিশ্ব যেন ভারতের সম্ভাব্য আগ্রাসন ও এর ফলাফল সম্পর্কে সচেতন থাকে। যদি সংঘাত হয়, এর সম্পূর্ণ দায়ও ভারতের।
পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মূল্যে তা রক্ষা করা হবে বলেও তিনি জানান।
এনএ/
