ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যে বার্তা দিলো বিশ্ব নেতারা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা, নিহত হন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। জবাবে ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে।

বিজ্ঞাপন
banner

এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক বিশ্বনেতা ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

তুরস্ক: ইরানের আত্মরক্ষা বৈধ, ইসরায়েল করছে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘ইরান তার আত্মরক্ষায় যা করছে, তা বৈধ ও আইনসম্মত। ইসরায়েলের হামলা সম্পূর্ণ বেআইনি এবং এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলা যেতে পারে।’

তিনি আরও জানান, আঙ্কারা চায় সমস্যার সমাধান হোক কূটনৈতিক উপায়ে এবং তুরস্ক এর জন্য যে কোনো সময় প্রস্তুত।

সৌদি আরব: সার্বভৌমত্ব লঙ্ঘন, শান্তিপ্রচেষ্টায় বাধা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইসরায়েলের হামলার নিন্দা জানান।

তিনি বলেন, ‘এই হামলা ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পাশাপাশি এটি ইরানের পারমাণবিক আলোচনার গতিপথ ব্যাহত করেছে।’

সৌদি পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশনও বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

কাতার: ইরানের অর্থনৈতিক স্থাপনায় হামলা অত্যন্ত বিপজ্জনক

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বলেন, ‘ইসরায়েলের হামলা শান্তিপ্রচেষ্টাকে ব্যাহত করছে এবং পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে ইসরায়েলের হামলাকে “অত্যন্ত গুরুতর” এবং “বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে” বলে সতর্ক করেন।

চীন-রাশিয়া: যুদ্ধ নয়, কূটনীতি দিয়ে সমাধান চান

দুই পরাশক্তির নেতা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। চীনের পক্ষ থেকে জানানো হয়, ‘যেসব দেশ এই সংঘাতে প্রভাব ফেলতে পারে, তাদের উচিত উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা পালন করা।’

সি চিন পিং যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘বিশেষ করে ইসরায়েলের উচিত শত্রুতা বন্ধ করা, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।’

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও জানান, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। কেবলমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধান সম্ভব।’
তিনি প্রয়োজনে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবও পুনর্ব্যক্ত করেন।

ক্রেমলিনের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিণতি

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সরাসরি জড়ায়, তবে তা গোটা অঞ্চলের জন্য মারাত্মক অস্থিতিশীলতা তৈরি করবে। এমনকি তা এক ভয়াবহ যুদ্ধের সূচনা ঘটাতে পারে।’

উত্তর কোরিয়া: ইসরায়েলের আচরণ মানবতার বিরুদ্ধে অপরাধ

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানায়, ‘ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি একটি মানবতাবিরোধী অপরাধ। এই হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইসরায়েল পশ্চিমা শক্তির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এক ক্যান্সারের মতো রাষ্ট্র, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222