শহীদ আবু সাঈদের মাকে নিয়ে মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে অব্যাহতি দিয়েছে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ) সকালে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সমাবেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পুলিশ সদস্যদের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলার ভিডিও দেখলে অভিযুক্ত পুলিশ কনস্টেবল মাসুদ রেজা শহীদ আবু সাঈদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগাল করে। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে প্রতিবাদ জানালে সে তাদের উপরও ক্ষিপ্ত হয়, পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় সাধারণ জনগণ।
সদর থানার এসআই অপূর্ব-সহ একটি পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হলে উচ্ছুক জনতাকে নিয়ন্ত্রণ আনতে পারছিল না পুলিশ। এ খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে খবর পেয়ে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক এবং জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে চলে আসেন এবং পুলিশকে সাথে নিয়ে পুলিশ সদস্য মাসুদ রেজাকে পুলিশের গাড়িতে তুলে দেন।
জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিক সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি এবং এসপি সাহেবকে অবগত করি। তার মতো অনেকেই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে অব্যাহতি প্রদান করে পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে, অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনআর/
