সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের ঘটনায় ওবায়দুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিহত মরিয়ম খাতুনের আপন মামা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)-২। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ওবায়দুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি যেহেতু ডিবি তদন্ত করছে, তাই তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয়।
পরে নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুর রহমান এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
