দখলকৃত জম্মু ও কাশ্মীরে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ৫ আগস্ট পূর্ণদিবস হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় হুরিয়ত কনফারেন্স। ২০১৯ সালের এই দিনেই ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়, হুরিয়তের ভাষায় যেটা অবৈধ ও দমনমূলক পদক্ষেপ।
শনিবার (২ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা যায়, কাশ্মীর মিডিয়া সার্ভিস (KMS) এর তথ্য অনুযায়ী, হুরিয়ত কনফারেন্স এ দিনটিকে ‘কাশ্মীর দখল দিবস’ (یومِ استحصال کشمیر) হিসেবে পালন করবে এবং ভারত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
হুরিয়তের মুখপাত্র অ্যাডভোকেট আব্দুর রশিদ মিনহাস এক বিবৃতিতে বলেন, ৫ আগস্ট হরতালের মাধ্যমে কাশ্মীরি জনগণ ভারতকে বার্তা দেবে যে, আমরা তাদের জবরদস্তিমূলক সিদ্ধান্ত কখনোই মেনে নিইনি এবং নেবো না।’
তিনি আরও বলেন, রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং কাশ্মীর ইস্যুর সুরাহা হতে হবে জাতিসংঘের গৃহীত প্রস্তাব অনুযায়ী।
এদিকে ফ্রান্সে অবস্থিত পাকিস্তান দূতাবাস সামাজিক মাধ্যমে ৫ আগস্ট উপলক্ষে একাধিক বার্তা প্রকাশ করেছে, যেখানে কাশ্মীরিদের অধিকারের প্রতি সমর্থন জানানো হয়েছে।
তবে সর্বদলীয় হুরিয়তের এ কর্মসূচিকে ঘিরে কাশ্মীরের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছে পর্যবেক্ষক মহল।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
