সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন, ‘একটি প্রেসিডেনশিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে কাশ্মীর সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।’
মঙ্গলবার (৫ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, সোমবার সিন্ধ অ্যাসেম্বলিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘এই প্রথম কোনও সরকার নিজ দেশের নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। শহীদ জুলফিকার আলি ভুট্টো সবসময় কাশ্মীরের জন্য আওয়াজ তুলেছেন, এবং তার উত্তরসূরিরাও সেই ঐতিহ্য বজায় রেখেছেন।’
মুখ্যমন্ত্রী জানান, বেনজির ভুট্টো এবং আসিফ আলী জারদারি সবসময় কাশ্মীরিদের পক্ষে কথা বলেছেন। পাশাপাশি, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও প্রতিটি আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু জোরালোভাবে তুলে ধরেছেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘ভারত কাশ্মীরি জনগণের কণ্ঠরোধ করতে পারবে না। আমরা ভারতের দমননীতি প্রত্যাখ্যান করছি এবং কাশ্মীরি ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই। কাশ্মীর ভারতের নয়, এটি কাশ্মীরিদের নিজস্ব ভূখণ্ড।”
মুরাদ আলি শাহ দাবি করেন, কাশ্মীরিদের তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার (Right to Self-Determination) অবিলম্বে দিতে হবে।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, কাশ্মীরিদের তাদের অধিকার আমরা ফিরিয়ে দেব।’
গাজায় চলমান সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল গাজার জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে তা আমরা কঠোরভাবে নিন্দা করি। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে একজোট হতে হবে।’
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
