বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতিসাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দিন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির লোকজন জোর করে এমপি হয় না।
তারেক রহমান ষোলো বছর লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ শেখ হাসিনা বারবার বলতেন ‘মুজিব কন্যা পালায় না’, কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করছে সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে আছেন।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে দুদু বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। এবার সরকার হবে ধানের শীষের সরকার। যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে এবং লাখ লাখ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে মতবিনিময়সভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।
এআইএল/
