বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি পোগ্রামের আওতায় এ সুযোগ মেলে। যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামে পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান।
দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।
এই প্রোগ্রামে রয়েছে যেসব সুবিধা
যদি কেউ রেসিডেন্সি প্রোগ্রামে আওতায় সৌদি আরব যান, তাহলে তিনি যেসব সুবিধা পাবেন-
► পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।
► নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।
► সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।
► নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।
► স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।
রেসিডেন্সির প্রকার
এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়-স্থায়ী রেসিডেন্সি: এ জন্য এককালীন ৮ লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।
নবায়নযোগ্য রেসিডেন্সি: এর জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।
যারা আবেদন করতে পারবেন?
আবেদনের জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে-
► বয়স ২১ বছরের বেশি হতে হবে।
► নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।
► শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।
► বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
► আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।
যেভাবে আবেদন করবেন?
► আবেদন প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa)-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।
► সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।
► প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।
► অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।
► আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।
প্রয়োজনীয় কিছু বিষয়
► কেউ রেসিডেন্সি পেলেও তার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না।
► মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না।
► নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।
মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।
এনআর/
