হাসান আল মাহমুদ >>
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছে অন্তত আড়াই হাজার মানুষ। ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আফগান সরকারের মুখপাত্র মৌলভী জবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
রোববার (৩১ আগস্ট) গভীর রাতে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে কুনার, নানগারহারসহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। ঘরবাড়ি ধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।
আফগানিস্তানের এ দুর্যোগ মোকাবিলায় দ্রুত ত্রাণ ও চিকিৎসক দল পাঠাতে বাংলাদেশের ইন্টেরিম সরকারকে আহ্বান জানিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্টজন ও রাজনৈতিক নেতারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, হাজারো মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে মানবিক সহায়তার অপেক্ষায় আছেন। তাঁরা নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করেন। একইসঙ্গে বাংলাদেশ সরকারকে অবিলম্বে মানবিক সহায়তা প্রেরণের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে দ্রুত কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।
নেতৃদ্বয় আরও বলেন, মানবতার এ মহাদুর্যোগে সমগ্র মুসলিম উম্মাহর উচিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আহত, আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। খেলাফত মজলিসের পক্ষ থেকে তাঁরা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শহীদদের জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধৈর্যের তাওফিক কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোকে মানবিক সহায়তা ও পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরও আলাদা এক শোকবার্তায় আফগান সরকার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে ঘরবাড়ি ধসে পড়া এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং বাংলাদেশ সরকারকে এ সংকটে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে তিনি পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।
অন্যদিকে প্রবাসী লেখক ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ত্রাণ ও চিকিৎসক দল পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুর্যোগ কবলিত ভাতৃপ্রতিম আফগানিস্তানে বাংলাদেশ সরকার দ্রুত ত্রাণ ও চিকিৎসক টিম পাঠান।’
হাআমা/
