সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না নিয়ে সংগীত শিক্ষক নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগ দিয়ে শিশুদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চেয়েছেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি- সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এ দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে, অযাচিতভাবে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থি। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।’
এআইএল/
