হাসান আল মাহমুদ >>
জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী ও প্রসিদ্ধ বক্তা মাওলানা আমির হামজার সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে আলেম সমাজে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি পবিত্র কুরআনের সূরা নাবা-এর আয়াত ‘আনিন-নাবায়িল আজিম’–এর অর্থ করেছেন ‘ব্রেকিং নিউজ’ এবং সেই সূত্র ধরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ‘সাংবাদিক’ বলে উল্লেখ করেন।
বক্তব্যটি প্রকাশের পর থেকেই ইসলামি অঙ্গনে চলছে তীব্র সমালোচনা। অনেক আলেমই একে ইলমবিরোধী ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও বিশিষ্ট আলেম মুফতী সাখাওয়াত হুসাইন রাজী এক মাহফিলে বলেন, ‘জেলাখানায় এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। কিছুদিন আমার কাছে পড়েছেও জেলখানায়। কিন্তু আমার একটা কথার উপরেও সে আমল করছে না। তাকে (মাওলানা আমির হামজা) বলেছিলাম, জেলখানা থেকে বের হয়ে প্রয়োজনে তোমার দলের ভেতরে যে মুরব্বি আলেম আছে, তার সঙ্গে সম্পর্ক রাখবা। রাখে নাই। রাখে নাই বলেই আজ বলছে— ‘নবীও নাকি সাংবাদিক ছিলেন!’

মুফতী সাখাওয়াত বলেন, ‘শাব্দিক অর্থে ‘নবী’ শব্দের একাধিক মানে হতে পারে, কিন্তু এর অর্থ সাংবাদিক নয়। তুমি বলতেই বলতেই নবীকে সাংবাদিক বানিয়ে ফেললে! আবার বলছো, ‘আনিন-নাবায়িল আজিম’ মানে ব্রেকিং নিউজ! ইলম এতো দামি জিনিস, বক্তা হয়ে গেলে ইলম আসে না।’
উল্লেখ্য, মাওলানা আমির হামজা এর আগেও বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সাম্প্রতিক এই বক্তব্যকে কেন্দ্র করে তার ইলমি যোগ্যতা ও ধর্মীয় বোধ নিয়ে প্রশ্ন তুলছেন অনেক আলেম।
হাআমা/
