মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাঝেও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি দখলের পদক্ষেপ অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার কালকিলিয়া গভর্নরেটে প্রায় ২৫ দুনাম ফিলিস্তিনি জমি বাজেয়াপ্তের জন্য দুটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কালকিলিয়া গভর্নরেটের আজজুন শহরে (কালকিলিয়ার পূর্বে) ৩ দুনাম ৭১২ বর্গমিটার জমি দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই জমিতে একটি সড়ক নির্মাণ করা হবে, যা অবৈধ আলফি মেনাশে বসতিকে কালকিলিয়া–নাবলুস সড়ক (রোড ৫৫)–এর সঙ্গে যুক্ত করবে।
কালকিলিয়ার বসতি কার্যক্রম পর্যবেক্ষক মুনিফ নাজ্জাল বলেন, দ্বিতীয় সামরিক আদেশে আজজুন ও জাইয়ুস শহরে প্রায় ২১ দুনাম ৩০৭ বর্গমিটার জমি দখলের অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে অবৈধ তজুফিম বসতির চারপাশে একটি তথাকথিত “নিরাপত্তা প্রাচীর” নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ওয়াফা জানায়, আলফি মেনাশে ও তজুফিম—দুটি অবৈধ ইসরায়েলি বসতিই আজজুন, জাইয়ুস ও কাফর থুলথ শহরের ফিলিস্তিনি মালিকানাধীন জমির ওপর গড়ে তোলা হয়েছে। এসব বসতির সম্প্রসারণের ফলে স্থানীয় কৃষিজমি ক্রমশ হ্রাস পাচ্ছে, যা কৃষিনির্ভর বহু ফিলিস্তিনি পরিবারের জীবিকাকে সরাসরি হুমকির মুখে ফেলছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, ১৯৬৭ সালে দখলকৃত অঞ্চলে নির্মিত সব ইসরায়েলি বসতি অবৈধ, এবং এগুলো একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অন্যতম বড় বাধা হিসেবে বিবেচিত। নসূত্র: ওয়াফা নিউজ
অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ
হাআমা/
