আন্তর্জাতিক ডেস্ক:: জমিয়ত উলামায়ে ইসলাম দলের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন যে, ইসলামাবাদ আফগানিস্তানে ‘সন্ত্রাসবাদের ঘাঁটি’ থাকার অজুহাতে সামরিক ও বিমান হামলা চালিয়েছে; কিন্তু পাকিস্তানের নিজস্ব ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর যে তৎপরতা ও ঘাঁটি রয়েছে, সেদিকে কোনো নজর দিচ্ছে না।
সম্প্রতি (৫ জুন) বেলুচিস্তান প্রদেশের পশিন জেলার এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তার মতে যখন বান্নু এবং দেশের অন্যান্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা স্থাপনা, পুলিশ স্টেশন ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং কোনো কোনোটি নিজেদের নিয়ন্ত্রণেও নিয়ে নিয়েছে, তখনও পাকিস্তান এই সমস্যার মূল কারণ আফগানিস্তানে খুঁজছে।
তিনি তার বক্তব্যে আরও বলেন, নিজের অবস্থানের পক্ষে তিনি জনগণ ও বিভিন্ন জাতির সামনে ‘স্পষ্ট বা স্বচ্ছ মুখে’ (দৃঢ় ও সাহসিকতার সাথে) দাঁড়িয়ে আছেন এবং তিনি বিশ্বাস করেন যে তার এই অবস্থানের প্রতি সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে। জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান তার বক্তব্যের অন্য অংশে বেলুচিস্তানের পশতুন ও বালুচদের অধিকার নিয়েও কথা বলেন।
জমিয়ত প্রধান জোর দিয়ে বলেন, ওই অঞ্চলের মানুষের জমি, প্রাকৃতিক সম্পদ ও মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন যে, আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়নের মাধ্যমেই কেবল মানবাধিকার রক্ষা করা সম্ভব।
মাওলানা ফজলুর রহমান আরও যোগ করেন, বেলুচিস্তানের জনগণের অধিকারের প্রতি তার এই সমর্থন সবসময় অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যদি জোরপূর্বক জনগণের জমি ও অঞ্চলের ওপর নিজেদের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বিস্তারের চেষ্টা করে, তবে স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল
অনুবাদ: আব্দুস সামাদ আজিজ
হাআমা/
