আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ম্যানিলা টাইমস। এদিন সকালে স্থানীয় সময় ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের আঘাতের পর চার দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের ঘটনায় দেশটির বিভিন্ন প্রদেশে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে দেশটির স্থানীয় শহর সান্তোসের একজন নগর কর্মকর্তা জানিয়েছেন, আহতের এসব সংখ্যা দেশটির দুর্যোগ প্রশমিতকরণ ও ব্যবস্থাপনা কাউন্সিল দ্বারা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
মিন্দানাওয়ে ভূমিকম্পের ঘটনায় দেশটির প্রয়োজনীয় সহায়তার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র। তিনি বলেছেন, ‘আমরা মিন্দানাওবাসীদের ছেড়ে যাবো না, জাতীয় সরকার কাজ করছে।’
