ভেনেজুয়েলা জাতিসংঘে অভিযোগ জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র তাদের উপকূলে থাকা জাহাজগুলোর ওপর অবৈধভাবে হামলা চালাচ্ছে, যা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
শুক্রবার (১৭ অক্টোবর) ডেইলি জং সূত্রে জানা গেছে, জাতিসংঘে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত সামুয়েল মনকাডা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন আমাদের স্বাধীনতার প্রতি চরম হুমকি।’ তিনি জানান, এসব হামলায় এখন পর্যন্ত ২৭ জন ভেনেজুয়েলীয় নাগরিক নিহত হয়েছেন।
মনকাডা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান, এসব অবৈধ সামরিক হামলার তদন্ত করতে এবং এমন একটি বিবৃতি দিতে যাতে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়।
অন্যদিকে মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহে একটি নৌযানে অভিযান চালিয়েছে।
এদিকে, ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
