আমেরিকা থেকে জার্মানির উদ্দেশে ছেড়ে যাওয়া লুফথানসা (Lufthansa) এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক ভারতীয় যাত্রী ২ কিশোরকে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত করে আহত করেছে। এ ঘটনায় বিমানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে পাইলট জরুরি ভিত্তিতে বিমানটি বস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তীতে পুলিশ হামলাকারী ভারতীয়কে গ্রেপ্তার করে।
মার্কিন অ্যাটর্নি অফিসের বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পরনীত কুমার অসিরি পালি (২৮)। অভিযোগ থেকে জানা গেছে, তিনি ফ্লাইট চলাকালীন প্রথমে এক ১৭ বছর বয়সী কিশোরের কাঁধে ধাতব কাঁটাচামচ দিয়ে আঘাত করেন এবং এরপর আরেক কিশোরের গলায় একইভাবে হামলা চালিয়ে তাকে আহত করেন।
বিমানকর্মীরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তিনি আঙুল দিয়ে বন্দুকের মতো ইঙ্গিত করে মুখে রেখে ‘ট্রিগার টানার’ অভিনয় করেন। এরপর তিনি এক নারী যাত্রীকে চড় মারেন এবং এক কেবিন ক্রু সদস্যের ওপর হাত তোলার চেষ্টাও করেন।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলট দ্রুত বিমানটি বস্টনে অবতরণ করান। বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে।
মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অসিরি পালি যুক্তরাষ্ট্রে কোনো বৈধ অভিবাসন অনুমতি ছাড়াই অবস্থান করছিলেন। তিনি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, তার বিরুদ্ধে মার্কিন জেলা আদালতে ‘বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে হামলা’র অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৩ বছর পর্যবেক্ষণাধীন মুক্তি, এবং ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা হতে পারে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
