ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার সময় তিনি নিজেই জানান, “ঠাকুরগাঁও-১ আসনে আমি নিজেই প্রার্থী।”
মনোনয়ন পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন হয়তো তার রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হতে পারে।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল লেখেন,
“মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সব নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা জানাই। দলের কর্মীদেরও ধন্যবাদ জানাই আজীবন আমার পাশে থাকার জন্য।”
তিনি আরও লেখেন, “এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। যারা এবার মনোনয়ন পাননি, তারা হতাশ হবেন না। ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ সম্মান ও দায়িত্ব দেবে। আমার জন্য এবং দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে দেশকে মর্যাদার সঙ্গে এগিয়ে নিতে চাই।”
নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন,
“আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের প্রত্যেকেরই একটি গল্প আছে। ১৯৮৭ সালে যখন আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার দুই মেয়ে খুব ছোট ছিল, স্ত্রীও ছিলেন তরুণী। বুঝতে পারছিলেন না কী অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি আমরা। মনে পড়ে, আমার বড় মেয়ের একবার অপারেশন হবে—আমি তখন সারারাত গাড়িতে ঢাকার পথে ছিলাম, যেন ওর পাশে থাকতে পারি।”
তিনি উল্লেখ করেন, এমন ত্যাগ ও সংগ্রামের গল্প বিএনপির হাজারো নেতাকর্মীর জীবনে আছে, যারা গণতন্ত্র ও দেশের মর্যাদার জন্য লড়ে যাচ্ছেন।
হাআমা/
