নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির পক্ষে কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যাতে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে জন্য পরিবহন মালিকসহ প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে যানবাহন চলাচলে যার কিছুটা প্রভাব পড়েছে। এতে অন্যান্য দিনের তুলনায় বুধবার ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও কিছুটা কম দেখা গেছে।
এআইএল/
