যশোরে অভিযান চালিয়ে ককটেল-পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

যশোরে বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শহরের রায়পাড়া এলাকায় এই অভিযান চালায় যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ। আটক যুবদল নেতার নাম আল মাসুদ রানা। তিনি শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, “মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারি রানার বাড়িতে বোমা-অস্ত্র রাখা আছে।” খবর পেয়ে সকাল সাড়ে ৬টায় রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ। রানাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ্য বস্তু, একটি ছুরি ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কিনা- তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে।” তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি; যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নেবে না।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222