হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২৯ জন। এখনো ২৭৯ জন নিখোঁজ থাকায় হতাহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৫১ মিনিটে তাইপো নগরীর ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কয়েকটি ভবনে। খবর পেয়ে দমকল বাহিনীর প্রায় এক হাজার সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। উদ্ধার অভিযানে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়; আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
আহত ও দগ্ধদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের খোঁজে এখনো অভিযান চলছে।
হংকংয়ে বসবাসরত বাংলাদেশিরা জানিয়েছেন, ঘটনাস্থল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই।
ঘটনাস্থলের ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল। বাইরে বাঁশ, নেট ও পলিস্টাইরিন বোর্ড দিয়ে ঘেরা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে হংকংয়ের দমকল বিভাগ।
অগ্নিকাণ্ডের পর কমপ্লেক্সটির বাসিন্দাদের অনেককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্য খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার তাইপো এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ওয়াং ফুক কোর্ট একটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে থাকা কয়েকটি বহুতল ভবনে প্রায় দুই হাজার ফ্ল্যাট ছিল, যেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ বসবাস করতেন।
এর আগে ১৯৯৬ সালে হংকংয়ের কোউলুন এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪১ জনের প্রাণহানি ঘটে।
