হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি, খতিবে বাংলা মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, ‘শাপলা চত্বরে গুলি মেরে দেশের আলেম ওলামাকে দমিয়ে রাখতে চেয়েছিলে, কিন্তু আমরা জেল জুলুম নির্যাতনের পরও দমিয়ে যাই নাই, তোমরা বাংলাদেশেই তাকতে পারো নাই। তুমি যে অপরাধ করেছো (শেখ হাসিনা), তোমার ফাঁসি জেলখানায় নয়, তোমার ফাঁসি হবে শাপলা চত্বরে।
শুক্রবার রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসির কমিটির আয়োজনে ৭ দিনব্যাপী ৮১তম পবিত্র তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আলেম-ওলামার বিরুদ্ধে অন্যায় মামলা ও গ্রেপ্তার-নির্যাতন চালানো হয়েছে। দেশের মাদরাসাগুলোকে ‘জঙ্গি তৈরির কারখানা’ বলে অপমান করা হয়েছে, কওমি শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার নানামুখী ষড়যন্ত্র হয়েছে, শিক্ষাসিলেবাস পরিবর্তনের মাধ্যমে দ্বীনি জ্ঞানের ধারা ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে এবং চামড়ার বাজার অস্থিতিশীল করে মাদরাসার অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
সমাপনী দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস আল্লামা মুনীরুদ্দিন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা যাকারিয়া আহমদ, মুফতি উবায়দুর রহমান সিরাজীসহ জাতীয় পর্যায়ের বহু আলেম।
মহাসম্মেলনের বিগত ছয় দিনেও দেশবরেণ্য আলেমরা বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তাফসির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মজিদ হাজির হাজারো তৌহিদি জনতার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
হাআমা/
