পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বান্নুতে সহকারী কমিশনার শাহ ওয়ালির গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মিরানশাহ সংলগ্ন বান্নু ক্যান্ট থানা এলাকায় চালানো এ হামলায় দুই কনস্টেবলসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) কার্যালয়ের মুখপাত্র নওয়াজ, পাকিস্তানের দৈনিক ডন–কে দেওয়া বক্তব্যে।
নওয়াজ জানান, হামলায় দুই পুলিশ সদস্য ও স্থানীয় এক নাগরিক নিহত হন, আহত হন আরও দুই কনস্টেবল। ঘটনার পর বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয় যে সহকারী কমিশনার শাহ ওয়ালিও নিহত হয়েছেন; তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রশাসন।
উত্তর ওয়াজিরিস্তানের প্রশাসনিক কেন্দ্র মিরানশাহ বান্নুর সন্নিকটে হওয়ায় এ অঞ্চল দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতার ঝুঁকিতে রয়েছে। এর মাত্র একদিন আগেই লাক্কি মারওয়াত ও বান্নু জেলায় আলাদা আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন।
২০২২ সালে নিষিদ্ধ ঘোষিত তেহরিক–ই–তালিবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর সারা দেশেই সন্ত্রাসী হামলার হার বেড়েছে। বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে এ তৎপরতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতি বাতিলের পর নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছিল টিটিপি। বান্নুর এই সাম্প্রতিক হামলাটিও সেই ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ বলে মনে করা হচ্ছে।
টিএইচএ/
