মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেই অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ পরীক্ষার আয়োজন করে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক–পরিদর্শকদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে অভিভাবকদের একাংশের অভিযোগ, শিক্ষকদের আন্দোলনের প্রভাবে পরীক্ষার সময়সূচি অস্থিতিশীল হয়ে পড়ায় শিক্ষার্থীরা মানসিক চাপের মুখে পড়ছে। পরীক্ষার্থীদের ‘জিম্মি করে’ দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য তাদের।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়সূচি স্বাভাবিক রাখতে ছুটির দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তারা জানান, পাবনা, সিলেটসহ কয়েকটি জেলায় স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
