নিজস্ব প্রতিবেদক >>>
মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উদ্যোগে খুলনায় ইসলামিক দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগমারার মারকাযুল উলূম মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন খুলনা জেলা শাখার আমির মাওলানা সোহরাব হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি ইব্রাহীম খলীল।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ। তিনি বলেন, দেশে মুসলিম সমাজে ‘ঈমানি সংকট’ তৈরি হয়েছে। বিভিন্ন মিশনারি সংস্থা, কাদিয়ানী মতবাদ ও নাস্তিক্যবাদী চিন্তার কারণে মানুষের মধ্যে চিন্তাগত বিচ্যুতি দেখা দিচ্ছে। অনেকেই অবচেতনভাবে ধর্মীয় দুর্বলতার শিকার হচ্ছেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাযযাক নদভী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন সংগঠনের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। উদ্বোধন করেন মারকাযুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া।
বক্তারা বলেন, খ্রিস্টান মিশনারি, এনজিও কার্যক্রম, কাদিয়ানী মতবাদ এবং বিভিন্ন বাতিল ফিরকার কর্মকাণ্ড মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। চিন্তাগত ধর্মচ্যুতি বা ফিকরি ইরতিদাদ মোকাবিলায় দাওয়াতি সচেতনতা বাড়ানো জরুরি।
সম্মেলনে আরও বক্তব্য দেন মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, ড. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মুফতি ফিরোজুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মুফতি রফিকুল ইসলাম নোমানী, মুফতি মারুফ আহমদ, মাওলানা মুহিব্বুল মুরসালিন, মাওলানা আসাদ, মাওলানা ফিরোজুল আলম, মাওলানা আশিক ইলাহী আজাদী ও মুফতি ওবায়দুল্লাহ ইমদাদী।
পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ একটি অরাজনৈতিক, সামাজিক ও দাওয়াতি সংগঠন। আবুল হাসান আলী নদভী (রহ.) ১৯৭৪ সালে ভারতের লাখনৌতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে সংগঠনটি দাওয়াহ, শিক্ষা, সংশোধন ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের দাবি, দেশে ইসলামবিরোধী মতবাদ মোকাবিলায় তারা সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এনএন/
