বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের অর্ধেকের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায়: আন্তর্জাতিক সংস্থা

by amirulislamluqman20@gmail.com

আন্তর্জাতিক সাংবাদিকতা সুরক্ষা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, চলতি বছরে বিশ্বজুড়ে নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী। সংস্থাটি জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২৯ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

প্যারিসভিত্তিক এই গণমাধ্যম স্বাধীনতা–সুরক্ষা সংগঠন মঙ্গলবার প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, গত ১২ মাসে বিশ্বব্যাপী মোট ৬৭ সাংবাদিক নিহত হয়েছেন; যেখানে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬৬।

বিজ্ঞাপন
banner

আরএসএফের মতে, ডিসেম্বর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে সাংবাদিকদের মৃত্যুর ৪৩ শতাংশের জন্য ইসরায়েলি বাহিনী দায়ী। সংগঠনটির ভাষায়, এই পরিসংখ্যান ইসরায়েলকে ‘সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ হিসেবে তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ আগস্ট দক্ষিণ গাজার একটি হাসপাতালের ওপর তথাকথিত ‘ডাবল স্ট্রাইক’ এ পাঁচ সাংবাদিক নিহত হন, যাদের মধ্যে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস এর দুই সহযোগীও ছিলেন। এ ঘটনাকে বছরটির সবচেয়ে প্রাণঘাতী একক হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরএসএফ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ২২০ সাংবাদিক নিহত হয়েছেন। ফলে দুই বছরের ব্যবধানে ইসরায়েল বিশ্বের ‘সাংবাদিক হত্যার শীর্ষ রাষ্ট্র’ হিসেবে উঠে এসেছে।

বিভিন্ন মিডিয়া সংগঠন ও সাংবাদিকতা অধিকার গোষ্ঠী গাজায় অবাধ প্রবেশাধিকার দাবি করলেও বিদেশি সংবাদকর্মীদের এখনও সেখানে প্রবেশের অনুমতি নেই।

আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে মেক্সিকো ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশগুলোর একটি; সেখানে ৯ সাংবাদিক নিহত হয়েছেন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা কমেনি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তিন এবং সুদানে চার সাংবাদিক নিহত হয়েছেন।

রিপোর্টে জানানো হয়, ১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী ৫০৩ সাংবাদিক কারাবন্দী ছিলেন। তাদের মধ্যে চীন (১২১), রাশিয়া (৪৮) এবং মিয়ানমার (৪৭) রয়েছে সাংবাদিকদের প্রতি সবচেয়ে দমনমূলক দেশগুলোর তালিকার শীর্ষে।

২০১২ সালে ১৪২ সাংবাদিক নিহত হওয়ার যে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছিল, তার তুলনায় সাম্প্রতিক সংখ্যা অনেক কম হলেও আরএসএফ বলছে—ভয়, চাপ ও সেন্সরের মাত্রা বিশ্বব্যাপী বেড়েই চলেছে।

সূত্র: আল আরাবিয়া।  

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222